রাসেল মোল্লা, কলাপাড়াঃ কলাপাড়ায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফুজ্জামান।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক,উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড.হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহাজান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসন বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন, যা তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তিনি উপকারভোগীদের সেলাই মেশিন যথাযথভাবে ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপস্থিত অতিথিবৃন্দ নির্বাচিত অসহায় ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবিকা নির্বাহ ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান সরকারি পরিচালক সিপিপি।




