রাসেল মোল্লাঃ পটুয়াখালীর চারটি আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ৮ নেতা ডাক পেলেন গুলশানে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সংকেত পাবেন প্রার্থীরা।
পটুয়াখালী জেলা থেকে ডাক পেয়েছেন- পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার । পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপি’র সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ও পটুয়াখালী- ৪ আসনের বিএনপি’র একমাত্র সংসদ সদস্য সাবেক এমপি ডিভিসি মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনে’র পুত্র কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
গুলশানে ডাক পাওয়ার বিষয়ে পটুয়াখালী-২ বাউফল আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন বলেন, আমাদের কাল বিকেল ৪টায় গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে কে নমিনেশন পাবে বা কবে চূড়ান্ত করা হবে এ বিষয় কথা বলতে রাজি হননি তিনি।
আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেন, আমাদেরকে কাল বিকেল ৪টায় গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। কোন বিষয় ডাকা হয়েছে তা আমাদেরকে বলা হয়নি।
বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিএনপির মতো বড় একটি দলে সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতাসম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয়, আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষের বিজয়।




