রাসেল মোল্লা, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম।
সোমবার সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভিলায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পারস্পরিক এই সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী জেলার অন্যান্য আসনগুলোতে গণঅধিকার পরিষদ বিএনপিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, তার প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বৃহত্তর স্বার্থে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।




