রাসেল মোল্লা, স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বিএনপি মুখে ইসলামীক দল বলে না, বাস্তবে বিএনপি সর্বকঠিন ইসলামীক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার, বিএনপি তা করে থাকে।”
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে ৫ হাজার তিন শত পবিত্র কোরআন মাজিদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।
তিনি আরও বলেন, “২০০১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে অনেক সময় লাগবে। সেই ধারাবাহিকতায় এখন পটুয়াখালীতে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় সেতু ও ইপিজেড নির্মিত হচ্ছে।”
আলতাফ হোসেন চৌধুরী ঘোষণা দেন, “আল্লাহ যদি বিএনপিকে আবার ক্ষমতায় আনার সুযোগ দেন, তাহলে আমি পটুয়াখালীতে একটি পুরুষ ও একটি নারী দুইটি পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করব।”
তিনি বলেন, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ দুইটি ধারণ করেই বিএনপি রাজনীতি করে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পানা এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পিএস চেয়ারম্যান মোহাম্মদ মাহিব হাওলাদার, এলডিএস-এর নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, পিএস-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, পটুয়াখালী ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের।
উল্লেখ্য, সিআরবি নামের একটি বেসরকারি এনজিওর উদ্যোগে ৫ হাজার তিনশত পবিত্র কোরআন মাজিদ বিতরণের এ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে পটুয়াখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য প্রতিষ্ঠানেও আরোও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।




