মহিপুরে বিএনপি নেতা কাওসার মনিরকে শোকজ, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা-সমালোচনার ঝড়

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর মহিপুরে থানা বিএনপির দপ্তর সম্পাদক কাউসার মনিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে দলের দুর্দিনে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা কাউসার মনিরের বিরুদ্ধে এমন নোটিশ দেওয়ার বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে কাউসার মনিরের প্রতি সমর্থন জানিয়ে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘দুঃখজনক ঘটনা। তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। এই কাউসার মনির দলের দুর্দিনে একজন নিবেদিত কর্মী। দীর্ঘ রাজনৈতিক জীবনের ২৪ বছরের সহযোদ্ধা। রাজনীতিতে ভুলত্রুটি থাকতেই পারে। মহিপুর থানা বিএনপির সঙ্গে আলোচনা করে সংশোধন করে নাও। তোমার জন্য দোয়া ও শুভকামনা থাকবে সবসময়।’

মিলনের এ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার প্রতি সংহতি ও সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে থানা বিএনপির দপ্তর সম্পাদক কাউসার মনিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশটি প্রদান করেন সহদপ্তর সম্পাদক মো. ইলিয়াস। এতে তাঁকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সহযাত্রা, দলের প্রতি ত্যাগ ও অবদানের বিষয়টি সামনে এনে অনেকেই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক ভুলত্রুটি থাকলে সাংগঠনিকভাবে তা সংশোধনের সুযোগ থাকা উচিত।

রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় আলোচনা অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয়, কারণ দর্শানোর নোটিশের জবাব এবং দলীয় আলোচনার মধ্য দিয়ে বিষয়টির কী সমাধান আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *