কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) নিখোঁজের তিনদিন পর মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মধুখালী লেকের পাড়ে কাদার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, বৃহস্পতিবার থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। আজ সকালে প্রথমে বাড়ি সংলগ্ন মধুখালী লেকের পাড়ে স্থানীয় লোকজন নতুন মাটির স্তূপ দেখতে পায়। এরপরে মাটি খুঁড়ে চাপা দেওয়া মৃতদেহ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত ফেরদৌস ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে। ফেরদৌস বিয়ে করলেও টেকেনি। ডিভোর্স হয়ে গেছে। ছিলেন নিঃসন্তান। সাংসারিক কাজকর্ম করতেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের পদক্ষেপ নেওয়া হচ্ছে।




