কর পরিশোধে আগ্রহ বাড়াতে কুয়াকাটা পৌরসভায় ৫ দিনব্যাপী কর মেলা উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার নাগরিকদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি ও বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ হিসেবে পৌরকর মেলা-২০২৫ আয়োজন করা হয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই কর মেলা।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত নাগরিকগণ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সচ্ছল ও কার্যকর পৌরসভা গঠনে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। সেবার মান উন্নীত করতে নাগরিকদের আরো দায়িত্ববান হতে হবে ।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, পৌরবাসীর সেবার কার্যক্রম সচল রাখতে কর আদায় অত্যন্ত জরুরি। নাগরিকদের নিয়মিত কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে অংশ নিতে হবে। আয়কর মেলার মাধ্যমে করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি আশা পোষণ করেন।

তিনি আরও জানান, মেলা চলাকালীন সময়ে যারা কর পরিশোধ করবেন তাদের জন্য ১০ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

পৌরসভার কর আদায় কর্মকর্তা নাজমুল হোসেন জানান, এ পৌরসভায় এক কোটি ১৩ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকার কর বকেয়া রয়েছে। বকেয়া কর আদায়ে এ বছর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় সরাসরি কর পরিশোধের ব্যবস্থা থাকায় করদাতাদের মধ্যে ভালো সাড়া মিলছে। এমন উদ্যোগে কর আদায়ে গতি আসবে এবং নাগরিক সেবাও আরও সম্প্রসারিত হবে বলেও পৌর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, কুয়াকাটায় করের আওতায় ৩১৫০ টি হোল্ডিংধারী পরিবার/ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *