মাদক, চাঁদাবাজি ও সালিস-বাণিজ্যমুক্ত টিয়াখালী গড়তে চান চেয়ারম্যান প্রার্থী তানিম মুন্স

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): আসন্ন ২ নম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এস এম শামুয়েল হক (তানিম মুন্সী)। একটি চাঁদাবাজি, মাদক ও সালিশ-বাণিজ্যমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান।

তানিম মুন্সী বিশিষ্ট ব্যবসায়ী ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ নুরুর হক মুন্সীর বড় ছেলে। তিনি মাস্টার্স (এমএ) সম্পন্ন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এবং একই ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার থাকবে টিয়াখালী ইউনিয়নকে চাঁদাবাজি, মাদক ও সালিশ-বাণিজ্যমুক্ত করা। পাশাপাশি শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটে সৌরবিদ্যুতের ব্যবস্থা এবং ইউনিয়নের প্রতিটি সড়ক পাকা করার উদ্যোগ নিতে চান তিনি।

তানিম মুন্সী বলেন, এলাকার মানুষের সেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি টিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তাঁর প্রতি আস্থা রেখে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *