রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের কাছে ৩০০টি শাড়ি বিতরণের জন্য হস্তান্তর করেন। এ ছাড়া উপজেলার ১৭টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস সহসভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবেন—এটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবার অংশগ্রহণে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।




