নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব

রাসেল মোল্লা, কলাপাড়াঃ নতুন ধানের ঘ্রাণ, ঢাকঢোলের বাদ্য আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও কৃষিনির্ভর সংস্কৃতির ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উদ্‌যাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ফসলের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক মানুষ।

বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আশপাশের আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দিরে এসে শেষ হয়।

পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন বলেন, নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতিবছর পহেলা অগ্রহায়ণে এ উৎসবের আয়োজন করা হয়। মতুয়া সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে আনন্দ ও উৎসাহ নিয়ে অংশ নেন।

তিনি আরও বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু নতুন ফসলের আনন্দ উদ্‌যাপন নয়, বরং পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন লোকজ উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস তৈরি, আত্মীয়স্বজনের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে কৃষিনির্ভর বাঙালির জীবন ও সংস্কৃতির পরিচয় ফুটে ওঠে এ উৎসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *