রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার বলেন, এ অর্জন তাঁর একার নয়; বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। বিদ্যালয়টিকে উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া গর্বের বিষয়। শিক্ষক মোমবাতির মতো, নিজে আলো ছড়িয়ে অন্যকে আলোকিত করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। একই বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসিফ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছে।




