কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি দাবি ও প্রতিবাদ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি দাবি ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। একটি পক্ষ নতুন কমিটি গঠনকে নিয়মবহির্ভূত ও গঠনতন্ত্রবিরোধী দাবি করে তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, নতুন কমিটির পক্ষ থেকে এটিকে বৈধ বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কলাপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন জানান, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠনসংক্রান্ত একটি সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়েছে। বর্তমান কার্যকরী কমিটির অজ্ঞাতসারে নিয়মবহির্ভূতভাবে এবং সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে ওই কমিটি গঠন করা হয়েছে বলে তারা দাবি করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করানো হয়েছে। ওই সভা ও গঠিত কমিটির সঙ্গে মানিকমালা খেলাঘর আসরের কোনো সম্পর্ক নেই। এ কারণে সভা ও কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানিয়ে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা। একই সঙ্গে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নিজেদের কমিটিকেই মানিকমালা খেলাঘর আসরের একমাত্র ও প্রকৃত কার্যকরী কমিটি দাবি করে জানানো হয়, সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটির সভাপতি মিসেস মনোয়ারা বেগম এবং সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন।

অন্যদিকে, এ বিষয়ে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক দাবিদার আতিকুর রহমান মিরাজ বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি কলাপাড়ার মানিকমালা খেলাঘর আসরের পূর্বের কমিটি বিলুপ্ত করে তাদের নতুন কমিটি অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত তাদের কমিটিই বৈধ।এ নিয়ে মানিকমালা খেলাঘর আসরের কমিটির বৈধতা ও নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *