কলাপাড়ার লালুয়া – মহিপুর ইউনিয়নে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন দুই সরকারি কর্মকর্তা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদোত্তীর্ণ দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ইউনিয়ন দুটি হলো ৩ নং লালুয়া ও ৬ নং মহিপুর ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার বিভাগের ১২ নভেম্বর জারি করা এক সরকারি আদেশে দুই সরকারি কর্মকর্তাকে এসব ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, ৩ নং লালুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান। অন্যদিকে, ৬ নং মহিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।

আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮(১) ধারা অনুযায়ী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের তারিখ থেকে এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত তাঁরা দায়িত্বে থাকতে পারবেন।

এ ছাড়া কোনো দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির কারণে আইনের বিধান অনুযায়ী নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠন সম্ভব না হলে মেয়াদ বাড়ানোর কারণ যথাযথভাবে উল্লেখ করে সরকারের অনুমতি নিতে হবে।
সরকারি আদেশে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *