রাসেল মোল্লা,কলাপাড়াঃ দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ নেতাকর্মীরা। তাঁদের দাবি, পদ স্থগিত থাকার পরও দলীয় কর্মসূচি, বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছেন তিনি।
জানা গেছে, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নির্দেশনায় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে পদ স্থগিতের পরও দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন মতিউর রহমান। গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করেন তিনি। এ ছাড়া গত ১১ নভেম্বর কুয়াকাটায় অটোরিকশাচালকদের সঙ্গে আয়োজিত একটি কর্মসূচিতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দলীয় পদ স্থগিত থাকলেও সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি মতিউর রহমান। দলের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকা, তাঁদের খোঁজখবর নেওয়া এবং সাধ্যমতো সহযোগিতা করার মাধ্যমে তিনি সাংগঠনিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।
নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে মতিউর রহমানের ভূমিকা রয়েছে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে নেওয়া স্থগিতাদেশের বিষয়টি পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তাঁরা আরও বলেন, দলের সাংগঠনিক ঐক্য ও শক্তি সুদৃঢ় করতে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ত রাখা জরুরি। তাই পটুয়াখালী জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের প্রতি বিষয়টি মানবিক ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আলহাজ্ব মতিউর রহমানের স্থগিতাদেশ প্রত্যাহার এবং সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা।
সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা, জেলা বিএনপি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এতে কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন তাঁরা।
উল্লেখ্য, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিতের নির্দেশনায় স্বাক্ষর করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।




