রাসেল মোল্লা, কলাপাড়াঃ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অটোরিকশার বেপরোয়া চলাচল ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কুয়াকাটা পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক সহকারী কমিশন (ভূমি) ইয়াসীন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টুরিস্ট পুলিশের কর্মকর্তা, মহিপুর থানার কর্মকর্তারা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় বিএনপি ও ধুলাসার ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় কুয়াকাটার সড়কে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত গতিসীমার মধ্যে যানবাহন পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সড়কে যত্রতত্র অটোরিকশা চলাচল ও অসতর্কতার কারণে দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। প্রতিদিন এখানে দেশ-বিদেশের পর্যটক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল রয়েছে। তাই সড়কে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে অটোরিকশাচালকদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা থেকে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহনচালক ও স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কুয়াকাটার সড়কে দুর্ঘটনা কমানোর পাশাপাশি পর্যটন নগরীর চলাচলব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।




