রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার আসামিপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সুইজসংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধুলাসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুল ইসলাম বাবুল মিয়াসহ কয়েকজন আহত হন।
এ ঘটনার তিন দিন পর, গত ৭ অক্টোবর কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের কৃষক খলিলসহ আটজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১১০০। আসামিপক্ষের অভিযোগ, মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাকে মারামারি বা হামলার ঘটনা হিসেবে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার আসামিদের দাবি, ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা যাচাই না করেই তাদের মামলায় জড়ানো হয়েছে। এ বিষয়ে তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, “আমি ব্যাংকের কাজে বালিয়াতলী থেকে কলাপাড়ার দিকে আসছিলাম। পথে ইটবাড়িয়া সুইজসংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ দেখতে পাই। এতে বাবুল মিয়া আহত হন। কয়েক দিন পর একটি সংবাদে জানতে পারি, আহত বাবুল মিয়া কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।”
আসামিপক্ষের লোকজনের দাবি, দুর্ঘটনার প্রকৃত ঘটনা যাচাই করে মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
তবে মামলার অভিযোগের বিষয়ে বাদী মো. সাইফুল ইসলাম বাবুল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।




