রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন এলাকার পাদাবাড়ি এলাকায় শরতের আগমনে কাশফুলের শুভ্রতায় সেজেছে বিস্তীর্ণ প্রান্তর। সাদা কাশফুলের দোল খাওয়া মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে।
শরতের নীল আকাশ, মৃদু বাতাস আর সারি সারি সাদা কাশফুল—সব মিলিয়ে পাদাবাড়ি এলাকার পরিবেশে তৈরি হয়েছে এক নান্দনিক আবহ। সিক্স লেন সড়কের পাশের কাশবন যেন প্রকৃতির নিজস্ব সৌন্দর্যের এক অনন্য আয়োজন। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই থেমে এই অপরূপ দৃশ্য উপভোগ করছেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন।
স্থানীয়রা জানান, প্রতিবছর শরৎ মৌসুমে এ এলাকায় কাশফুল ফুটে প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে বিকেলের নরম আলোয় বাতাসে দুলতে থাকা কাশফুলের দৃশ্য হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
কলাপাড়ায় পায়রা বন্দর, তাপবিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেরও রয়েছে আলাদা আকর্ষণ। সিক্স লেনের পাদাবাড়ি এলাকার এই কাশবন শরতের মৌসুমে সেই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
কথা হয়কাশবনে ঘুরতে আসা তরুণী সুমাই জাহান, আয়তান, ববিতা আক্তার সহ অনেকের সাথে তারা বলেন, কলাপাড়ায় ঘুরতে যাওয়ার মত ভালো কোন জায়গা নাই। তাই সিক্স লেনের আমরা ঘুরতে এসেছি নিজের মতো করে সেলফি তুলেছি আড্ডা দিয়েছি খুবই ভালো লেগেছে। খুবই নিরিবিলি পরিবেশ কাশবন দেখতে তো খুবই ভালো লাগে সাথে তাপবিদ্যুৎ এর দৃশ্য আপনারা দেখতে আসতে পারেন দেখার আনন্দ আলাদা।
প্রকৃতিপ্রেমীদের মতে, কাশবন ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা গেলে এটি স্থানীয়ভাবে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেতে পারে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাশবন নষ্ট না করে এর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।




