কলাপাড়ায় সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত ইভান মাতব্বর, পেলেন রাষ্ট্রপতির পদক

রাসেল মোল্লাঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির পদক ও সনদ পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন সিপিপি টিম লিডার আবুতালেব ইভান মাতব্বর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর হাত থেকে তিনি এ সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন।

দুর্যোগের সময় উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং মানবিক সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

ইভান মাতব্বর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি একজন প্রভাষক, সমাজসেবক, ক্রীড়াবিদ, ধারাভাষ্যকার ও উপস্থাপক হিসেবে পরিচিত। বক্তৃতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখছেন।

এ অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে ইভান মাতব্বর বলেন, “আমার এ অর্জন শুধু আমার একার নয়। এ পুরস্কার কলাপাড়ার সব স্বেচ্ছাসেবকের প্রতি উৎসর্গ করছি। বিশেষ করে কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতা আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। পাশাপাশি সিপিপির সব সহকর্মীর প্রতিও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, এ পুরস্কার তাঁর পেশাগত জীবনে দুর্যোগকালীন দায়িত্ব পালন ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় আরও উৎসাহ জোগাবে। ভবিষ্যতেও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।

ইভান মাতব্বরের এ অর্জনে কলাপাড়ার স্বেচ্ছাসেবক ও সচেতন মহলে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *