কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিকের কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. হাবিব (৫৫) নামে এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, ধানখালীর মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মো. হাবিব। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশের সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *