রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় লাইসেন্সবিহীন ও যথাযথ নিয়ম না মেনে কীটনাশক বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় প্রত্যেক দোকানিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
অভিযানকালে কীটনাশক বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং নির্ধারিত নিয়ম না মেনে কীটনাশক বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট আইনের আওতায় দুটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেক দোকানিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আরোপিত জরিমানার অর্থ দোকানিরা ঘটনাস্থলেই পরিশোধ করেন।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, কৃষি উপকরণ ও কীটনাশক বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি বিধিবিধান মেনে চলা জরুরি। নিয়মবহির্ভূতভাবে কীটনাশক বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




