রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি চিড়িয়াখানা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে সমুদ্রসৈকতের পাশাপাশি কুয়াকাটার পর্যটনে যুক্ত হবে নতুন এক আকর্ষণ। সবুজ প্রকৃতি, প্রাণীজগৎ ও শিশুদের বিনোদনের সমন্বয়ে এলাকাটিকে একটি মনোরম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
বিভাগীয় কমিশনারের নির্দেশনায় প্রস্তাবিত চিড়িয়াখানা নির্মাণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সম্প্রতি গঙ্গামতির নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
পরিদর্শন ও প্রস্তাবিত নকশায় চিড়িয়াখানাটিকে সবুজে ঘেরা একটি আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। সেখানে হরিণের জন্য পৃথক শেড, অন্যান্য প্রাণীর আবাসস্থল এবং শিশুদের জন্য কিডস জোন রাখার প্রস্তাব রয়েছে ।পাশাপাশি ঝাউবন ও কাশুয়ারিনা গাছের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ তৈরি, খালকেন্দ্রিক প্যাডেল বোটে ভ্রমণ, ধানখেতের সৌন্দর্য উপভোগ এবং টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো, শিশুদের বিনোদন এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হবে। এতে কুয়াকাটায় পর্যটকদের অবস্থানের সময় বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, গঙ্গামতিতে প্রস্তাবিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে কুয়াকাটার পর্যটনে বৈচিত্র্য আসবে। সমুদ্রসৈকতের বাইরেও পর্যটকদের জন্য নতুন বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে গঙ্গামতি।




