কলাপাড়া পৌরসভার রাজস্ব আয় নিয়ে শঙ্কা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার রাজস্ব আয় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাট-বাজার, খেয়াঘাট, বাসস্ট্যান্ড, পশু জবেহখানাসহ রাজস্ব আদায় খাতের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর দরপত্র বিক্রি হলেও কোনো দরপত্র জমা না পড়ায় খাস কালেকশনে যাচ্ছে পৌরসভার হাট-বাজার, খেয়াঘাট। এতে পৌরসভার রাজস্ব আয় আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে পৌর প্রশাসক বলেছেন খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ ইজারা আদায় করছেন। অথচ বাস্তবতায় হাট-বাজারের ইজারা আদায় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী মহল।

এর আগে ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর পৌরসভার রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একটি প্রভাবশালী মহল রাজস্ব আদায় কার্যক্রম নিয়ন্ত্রণ করায় বাসস্ট্যান্ডের এক দেড় মাসের রাজস্ব জমা পড়েনি পৌরসভার ব্যাংক হিসাবে।

সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে হাট-বাজার খাতে পৌরসভার রাজস্ব আয় ছিল ৬৩ লক্ষ ৯৩ হাজার টাকা, খেয়াঘাট থেকে ৮ লক্ষ ৭৬ হাজার ৮০০ টাকা, বাসস্ট্যান্ড থেকে ১৫ লক্ষ ৪০ হাজার, পশু জবেহখানা থেকে ৯৫ হাজার, গণশৌচাগার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা। এরপর ২০২২-২৩ অর্থবছরে হাট-বাজার খাতে আয় ৪১ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, খেয়াঘাট থেকে ৫ লক্ষ ২৩ হাজার ৮৭০ টাকা, বাসস্ট্যান্ড থেকে ১৬ লক্ষ ২০ হাজার, পশু জবেহখানা থেকে ১ লক্ষ ৩৩ হাজার, গণশৌচাগার থেকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে হাট-বাজার খাতে আয় হয় ৪৮ লক্ষ ২৮ হাজার ৫৫০ টাকা, খেয়াঘাট থেকে ৭ লক্ষ ৪৩ হাজার টাকা, বাসস্ট্যান্ড থেকে ১৫ লক্ষ ১ হাজার ৯০০ টাকা, পশু জবেহখানা থেকে ৯২ হাজার টাকা, গণশৌচাগার থেকে ৪ লক্ষ ৫৮ হাজার টাকা।

সূত্রটি আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরে পৌরসভা রাজস্ব খাতের ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৩ ফেব্রুয়ারি ২০২৫। এরপর বিভিন্ন খাতে ৬৬টি দরপত্র ক্রয় করে আগ্রহী ব্যবসায়ীরা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে একটি দরপত্রও জমা না পড়ায় ফের ২রা মার্চ, ১২ মার্চ ও ২৭মার্চ পুনঃদরপত্র প্রকাশ করে পৌরসভা। এরপর আরও ২টি দরপত্র বিক্রি হলেও বাদুরতলি খেয়াঘাটের ১টি দরপত্র জমা পড়ে এবং উক্ত খেয়াঘাট ৫০ হাজার টাকা দরপত্রে ইজারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *