আলতাফ হোসেন চৌধুরী এমপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পটুয়াখালী জেলা বিএনপির সংবাদ সম্মেলন

রাসেল মোল্লা : মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী মিজানুর রহমান লাবলু ওরফে লাবলু কাজীর একটি স্থাপনা ভাঙচুরের ঘটনায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

সোমবার সকালে পটুয়াখালী শহরের প্লেজার পয়েন্ট কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন, অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন, অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আল-আমিন সুজনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাংচুরের ঘটনায় আলতাফ হোসেন চৌধুরী নিন্দা ও প্রতিবাদ

লিখিত বক্তব্যে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না বলেন, গত ১৭ জুলাই রাতে মাধবখালী গ্রামের লাবলু কাজীর একটি স্থাপনা ভাঙচুরের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে স্থাপনাটি সরকারি উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অপসারণ করা হয়েছে, নাকি দুর্বৃত্তরা ভাঙচুর করেছে—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তিনি দাবি করেন, ঘটনার সময় সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বিদেশে অবস্থান করছিলেন এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সংশ্লিষ্ট স্থাপনাটি সরকারি খাসজমিতে নির্মিত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার আগে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে দায় চাপানো উচিত নয়।

মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না বলেন, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পক্ষে রয়েছেন। একই সঙ্গে সরকারি খাসজমিতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করে থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বক্তারা অতীতে আলতাফ হোসেন চৌধুরীর নিজ বাসভবনে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্যকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *