মির্জাগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুইদিন পর ইসরাত জাহান যুথী(১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর নাম ইসরাত জাহান যুথী(১৬)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া   গ্রামের জামাল হাওলাদারের মেয়ে ও সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো.গোলাম সরোয়ার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল  নয়টার দিকে বাড়ি থেকে রওয়ানা দিয়ে ইসরাত জাহান যুথী স্কুলে যায়। এরপর থেকে সে নিখোঁজ হন। ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গত দুইদিন ধরে পুলিশ ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান মিলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ৫০০গজ দূরে একটি ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।

নিহত স্কুল ছাত্রীর পিতা মোঃ জামাল হাওলাদার বলেন, ইসরাত মঙ্গলবার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দিয়ে যায়। বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। আজকে (বৃহস্পতিবার) সকালে বাড়ি থেকে একটু  দূরে রাস্তার পাশে একজোড়া জুতা পাওয়া যায়।  জুতার সূত্র ধরে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর একটু দূরে গিয়ে দেখি ধানখেতের পাশে একটি ডোবায় আমার মেয়ের লাশ পড়ে রয়েছে। পরনের কাপড়-চোপড়ও এলোমেলো ছিল। বখাটেরা ধর্ষণ করে আমার মেয়েটিকে হত্যা করেছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

সুবিদখালি সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হালিম জানান, ইসরাত জাহান যুথী দশম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার সে স্কুলে অনুপস্থিত ছিল।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ তৌহিদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *