টানা বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালী; বাড়ছে শীতের তীব্রতা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

রাসেল মোল্লা: ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে টানা চার দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গত তিন দিন সূর্যের দেখা মেলেনি। একটানা বৃষ্টি ও শীতের অনুভূতি বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও কৃষকেরা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিকসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষেরা কাজে যেতে পারছেন না। এতে তাঁদের দৈনন্দিন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, জমিতে আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে ধানের ক্ষতি এবং চিটা হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। পাশাপাশি শীতকালীন সবজির খেতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, চলমান বৃষ্টিপাত আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে দেশে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২২ নভেম্বর দুপুরের পর বরিশাল বিভাগে রোদের দেখা মিলতে পারে। তবে রোদ উঠলেও বৃষ্টি পুরোপুরি বিদায় নেবে না।

পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে ভারতের ওডিশা উপকূলে অবস্থান করছে। এর দূরবর্তী প্রভাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাতের কারণে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বাড়বে। ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, কৃষিকাজ ও দৈনন্দিন আয়-রোজগার নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃষ্টিপাত দীর্ঘায়িত হলে কৃষি ও জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *