রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং ধানখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ সরদার।
রোববার (১৫ নভেম্বর) কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্যসচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের আদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকা এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই দিন আগে প্রবাসী সাংবাদিক নুরুজ্জামান মামুনের ফেসবুক আইডি থেকে বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের ইয়াবা সেবনের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এরই ধারাবাহিকতায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে।
বহিষ্কারের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




