মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর  মির্জাগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  একটি মামলায় হাজিরা শেষে আরেক মামলায়   ছাত্রলীগ নেতা ও  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম জুয়েল (৩৫) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে  জুয়েলকে  আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়েছে। এ মামলায় জুয়েলের নাম না থাকলেও তাঁকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী -১ আসনে (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। আলতাফ হোসেন চৌধুরীর  পক্ষে বিএনপি’র নেতাকর্মীরা ১৯ অক্টোবর মাধবখালি ইউনিয়নের শিশুর বাজারে নির্বাচনী প্রচারণার জন্য যান। এসময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।

সরকার পরিবর্তনের পর গত ২১ সেপ্টেম্বর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোঃ মহসিন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ৬২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো আসামি করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মির্জাগঞ্জ থানায় নির্বাচনী প্রচারণায় হামলার একটি মামলায় ছাত্রলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *