উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ভবনের কলম ভেঙে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা চতুর্থ খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো.রাসেল হাওলাদার (২৮)। তিনি বাজিতা চতুর্থ খন্ড গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। পেশায় একজন ভবন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. উজ্জ্বল মৃধা।
নিহত রাসেলের চাচাতো ভাই বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মামুন মিয়া জানান,
রাসেল পেশায় একজন রাজমিস্ত্রি। শনিবার সকালে পাশের বাড়ি মনির কাজীর নতুন ভবন নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতে যান । দুপুর বারোটার দিকে ঢালাই দিতে গিয়ে অসাবধানতাবশত কলম ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাসেল । পরে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। লাশ এখনও বাড়িতে পৌঁছায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম হাওলাদার বলেন,এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।




