উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার সুবিদখালী বাজারে একটি মুদি ও স্টেশনারি দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দোকানটির মালিক মো: ইউনুস সিকদার (৭০) । তিনি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে আটটার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। দুই ঘন্টা পর খবর পেয়ে দোকানে এসে দেখতে পান তার দোকানে আগুন জ্বলছে। স্থানীয়রা ও দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ইউনুস সিকদারের দোকানের দুটি রেফ্রিজারেটর, গ্যাসের চুলা, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি আয়ের শেষ সম্বল হারিয়ে সম্পূর্ণভাবে নি:স্ব হয়ে পড়েছেন।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর (পরিদর্শক) মো: সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক ইউনুস সিকদার বলেন, সাড়া জীবনের সম্বল দোকানটি আজ পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে সংসার চালাবো জানিনা।




