মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী  ইউনিয়নের নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলাম খাদ্যবান্ধব  কর্মসূচির ১০ বস্তা চাল  গভীর রাতে অসৎ উদ্দেশ্যে গোডাউন থেকে সরিয়ে  এক বাড়িতে নিয়ে রাখেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ওই বাড়ি থেকে চালগুলো জব্দ করেন।

প্রশাসনিকভাবে ডিলার শফিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউমার্কেট বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিলটি নিউমার্কেট বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে শেষ হয়।

পরে বিক্ষোভ  সমাবেশে বক্তব্য রাখেন,মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন মোল্লা ও মাধবখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর জোমাদ্দার।

উল্লেখ্য সরকার পরিবর্তনের পরে নতুন করে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা ধরে কেজি চালের  নিউমার্কেট বাজারে মোঃ শফিকুল ইসলামকে ডিলার নিয়োগ দেওয়া হয় । প্রথম কিস্তির মার্চ মাসের চাল রমজানের আগেই বিতরণ শেষ করার কথা। কিন্তু ১০ বস্তা(৫০০ কেজি) চাল বিতরণ না করে  গত বৃহস্পতিবার গভীর রাতে  নিউ মার্কেট বাজারের গোডাউন থেকে  তিনি  ভ্যানে করে পাশের একটি বাড়িতে রাখেন।  বিষয়টি এলাকাবাসী জানতে পেরে  উপজেলা প্রশাসনকে জানান।

পরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ চাল উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার হাওলাদার,সাবেকছাত্রদল নেতা মহিউদ্দিন মোল্লা ও যুবদল নেতা মিজান বলেন, মার্চ মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অনেক  উপকারভোগী কার্ড নিয়ে এসে ফেরত গেছে। চাল বিতরণ শেষ হওয়ার কথা রমজানের আগে। কিন্তু ডিলার শফিকুল ইসলাম খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীদের চাল না দিয়ে  ১০ বস্তা  চাল (৫০০ কেজি) বস্তা পরিবর্তন  করে  ওই বাড়িতে রাখে। এতেই বুঝা যায় সে চালগুলো আত্মসাৎ  করতে চেয়েছিল।

মাধবখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিন চৌধুরী পাশা বলেন, নিউ মার্কেট বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর (১৫ টাকা কেজি চাল)  ডিলার গাজী শফিকুল ইসলাম আত্মসাৎকৃত ১০ বস্তা চাল  জব্দ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে  প্রশাসনের নিকট এ দুস্কৃতিকারী চক্রের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।

চাল উদ্ধার করা ঘরের মালিক শাহিন হাওলাদারের স্ত্রী  শেফালী বেগম বলেন, গত বৃহস্পতিবার রাত বারোটার দিকে শফিক দরজায় নক করে আমাদের ঘুম থেকে উঠায়। এরপর ১১বস্তা চাল আমাদের ঘরে রেখে যায়। কেউ জিজ্ঞেস করলে এগুলো ধানের বস্তা বলতে বলে। আমরা এ চালের বস্তা রাখতে রাজি হয়নি জোর করে আমাদের ঘরে রেখে যায়।

ডিলার মোঃ শফিকুল ইসলাম বলেন, গোডাউনে চাল রাখার জায়গা না থাকায় ওই বাড়িতে এ চালগুলো রাখা হয়েছে।

ট্যাগ অফিসার  মোঃ শিউলি আক্তার বলেন, চাল উদ্ধারের বিষয়টি  আমি শুনেছি। এ ব্যাপারে  খোঁজ নিয়ে বিস্তারিত  জানাতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজনের অভিযোগের ভিত্তিত্বে নিউমার্কেট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।  এ বিষয়ে  একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *