রাসেল মোল্লা, কলাপাড়াঃ জাতীয় নির্বাচনের মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে পটুয়াখালী-৪ আসনে। কৌশলগত কারণে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন রাঙ্গাবালী উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. জহির উদ্দিন আহমেদ।
জোট গঠনের মধ্যে অন্যতম খেলাফত মজলিস থেকে প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান জোটের প্রার্থী হওয়ার কথা ছিল। জোট ভেঙে যাওয়ায় ডা. জহির উদ্দিন আহমেদের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের ভোটকে লক্ষ্য করে তাঁকে প্রার্থী করা হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।
ডা. জহির উদ্দিন আহমেদ জানিয়েছেন, আমি কখনোই আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলাম না। দোয়াত কলম মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। পরে তৎকালীন এমপি মহিববুর রহমান আমাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করার প্রস্তাব দেন, যা আমি গ্রহণ করিনি। রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ডা. জহির উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আমরা সহযোগিতা করব।
১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




