কলাপাড়া পৌরসভা নির্বাচন: তরুণ প্রার্থী রিমন সিকদারকে ঘিরে আলোচনা

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থীরা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্নভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করেছেন।

প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার ব্যানার এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। একই সঙ্গে কাউন্সিলর পদে পুরুষ ও নারী প্রার্থীরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। কলাপাড়া পৌর শহরের প্রতিটি চায়ের দোকান, অলিগলিতে আলোচনা চলছে কে হচ্ছে আগামীতে পৌর পিতা। চলছে প্রার্থীদের নিয়ে চুল চরে বিশ্লেষণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রায় পাঁচ থেকে ছয়জন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যেই তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার।

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, নানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি এবং ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তিনি পৌর এলাকার মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। অনেকেই তাকে সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দেখছেন।

ইতোমধ্যে তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন। এছাড়া তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সর্বমহলে গ্রহণযোগ্যতার কারণে তাকে কলাপাড়া পৌরসভার সম্ভাব্য ‘হেভিওয়েট’ প্রার্থীদের একজন হিসেবে মনে করছেন পৌরবাসীর একটি অংশ।

এ বিষয়ে হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “পৌরবাসীর সমর্থন পেলে আমি কলাপাড়া পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *