কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের নতুনপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত ও একটি মসজিদের দেয়ালসহ দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার ভোররাত সাড়ে চারটার সময় এ দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন জানান, ফজরের আজান দেওয়ার সময় আগুনের লেলিহান শিখা তিনি দেখতে পায়। এরপর তিনি মাইকযোগে এলাকাবাসীকে ডাকেন। স্থানীয়রা খবর শুনেই ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় নতুনপাড়া বাজারের তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে।স্থানীয় মসজিদের দেয়ালসহ দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মো. হাবিবুর রহমানের কাপড় ও জুতা-কসমেটিক্সের দোকান, আল-আমিনের ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান এবং বাচ্চু মিয়ার মুদি-মনোহারির দোকান পুড়ে কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন, নগদ তিন হাজার টাকা এবং চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ রোববার বিকেল সাড়ে চারটার সময় ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদউজ্জামান খান উপস্থিত ছিলেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফয়সাল আহমেদ বলেন, রাত সাড়ে চারটার সময় আগুন লাগার খবর পাই। এরপর দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।




