অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার সাময়িক বরখাস্ত

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ থেকে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে আঘাত লাগে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। বিষয়টি তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। বিভিন্ন অভিযোগ পাওয়ায় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরখাস্তকালীন সময়ে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *