শিক্ষার মানোন্নয়নে মির্জাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষার মানোন্নয়ন এবং একাদশ শ্রেণিতে ভর্তি সহ নানাবিধ শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় আখতার  হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো: রাসেল। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মানিকুর রহমান ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্য মো: মোফাজ্জেল হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক সাদিকুল ইসলাম তালুকদার সহ কলেজ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, কলেজের শিক্ষকমণ্ডলী এবং এলাকার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ, আসন্ন একাদশ শ্রেণিতে শিক্ষার্থীবৃন্দের সুশৃঙ্খল ভর্তি নিশ্চিতকরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধনের লক্ষ্যে মুক্ত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো: রাসেল বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুসম্পর্ক এবং সমন্বয় অত্যন্ত জরুরী। একাদশ শ্রেণিতে যেন যোগ্য শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পেয়ে ভর্তি হতে পারে এবং ঝরে পড়া রোধ করা যায়, সে বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচ,এম নুরুল হক,আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো: জাকির হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল মাহমুদ, সহকারী অধ্যাপক মো: রোকুনুজ্জামান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো: জাহাঙ্গীর আলম, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবুল হোসেন, বাকেরগঞ্জ উপজেলার সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ রায়,ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান,ঝাটিবুনিয়া মই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল সাত্তার, শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।

বক্তারা মির্জাগঞ্জ উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কলেজের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মানিকুর রহমান ছিদ্দিক আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *