মানবসেবায় অনন্য অবদান, রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রুজি

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রোকসানা আক্তার রুজি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদান এবং মানবিক সেবায় নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁর এ অর্জনে কলাপাড়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোকসানা আক্তার রুজি জানান, এ সম্মাননা তাঁর জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজ এবং দুর্যোগে মানুষের পাশে থাকার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি এ পদককে দেখছেন।

এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর প্রয়াত বাবা আলহাজ্ব রফিকুল ইসলাম মৃধাকে স্মরণ করেন। জীবনের ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে বাবার অবদানের কথা উল্লেখ করে তিনি এ অর্জন তাঁর বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করেন।

এ ছাড়া কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সিপিপির সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

রোকসানা আক্তার রুজি বলেন, স্বেচ্ছাসেবা শুধু পদক বা সম্মাননার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই এর মূল লক্ষ্য। এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

কলাপাড়ার একজন স্বেচ্ছাসেবকের এ অর্জনে স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, তাঁর এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কাজে অন্যদেরও উৎসাহিত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *