পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব স্হানীয় এমপি আলতাফ চৌধুরীর

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

জানা গেছে, চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও লেটার জমা দেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, পদ্মা সেতু চালুর পর রাজধানীর সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর ফলে পায়রা সমুদ্রবন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

চিঠিতে এমপি আরও উল্লেখ করেন, পটুয়াখালীতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও যানজট নিয়ন্ত্রণের মতো আধুনিক নাগরিক সুবিধার চাহিদা ক্রমাগত বাড়ছে। বিদ্যমান পৌর কাঠামোর মাধ্যমে এই বর্ধিত জনগোষ্ঠীর সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে। ফলে পটুয়াখালীকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এখন সময়ের দাবি।

সংসদ সদস্যের এই আবেদনের ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে একটি নির্দেশনা পাঠায়। নির্দেশনায় পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট চিঠির তথ্য অনুযায়ী, পটুয়াখালীকে সিটি কর্পোরেশন করার প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এ উদ্যোগ বাস্তবায়িত হলে পটুয়াখালীবাসীর নাগরিক সুবিধার মান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন মাত্রা পাবে বলে আশা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *