দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া-কুয়াকাটার বিএনপির দুই সাধারণ সম্পাদকের পদ স্থগিত

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। স্থানীয় বিএনপিতে আলোচিত এ দুই নেতার বিরুদ্ধে জেলা বিএনপির পক্ষ থেকে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও মো. মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। অপরদিকে মো. মতিউর রহমান হাওলাদার কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ফলে একই সময়ে স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ দুই নেতার পদ স্থগিতের বিষয়টি নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে দুই নেতার বিরুদ্ধে ঠিক কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জেলা বিএনপির এ সিদ্ধান্তের পর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেও নজর রয়েছে স্থানীয় নেতাকর্মীদের।

এ বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও মো. মতিউর রহমান হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *