রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, কলাপাড়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তিনি নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ইউআরসি ইন্সট্রাক্টর ইউচুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম বজরুল করিম, দীপশিখা জয়ন্তী ও হাসানুজ্জামান। নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহিদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক জি এম সবুজ।
পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক, শ্রেণিকক্ষ পরিচালনা, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সঙ্গে আচরণ ও পেশাগত দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।




