রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে প্রায় সাড়ে ১৩ মিটার গভীরতার জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। জাহাজে থাকা কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বন্দরের বহির্নোঙরে অবস্থান নেওয়া জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লাবোঝাই করে জাহাজটি যাত্রা শুরু করে।
বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নিরাপদে বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। বুধবার থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। অর্ধেকের বেশি কয়লা খালাসের পর মাদার ভ্যাসেলটি বন্দরের টার্মিনালে নিয়ে বাকি কয়লা খালাস করা হবে।
বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এখন থেকে এভাবেই পায়রা বন্দরে একের পর এক জাহাজ আসতে থাকবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পায়রা বন্দরে নিয়মিত পণ্যবাহী জাহাজের আগমন দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।




