রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন চর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. রাসেলের কাছ থেকে ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাঁর বিরুদ্ধে মহিপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।”
এদিকে, মাদকের অবৈধ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।




