মা ইলিশ রক্ষায় আজ রাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগরজুড়ে কড়া নজরদারি

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদী ও সমুদ্র এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নদ-নদী ও সাগরে নজরদারি ও অভিযান জোরদার করা হবে।
নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর বিধিনিষেধ থাকবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নদী ও সমুদ্র এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা এবং নৌপথে টহল জোরদার করা হবে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাতেও নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার আন্ধারমানিক, রামনাবাদসহ বিভিন্ন নদ-নদী এবং সাগরসংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হবে। নিষেধাজ্ঞার সময় যাতে কোনো জেলে অবৈধভাবে মাছ শিকার করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ে তৎপর থাকবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহুরুল নবী বলেন, “নিষেধাজ্ঞা শুরুর আগে গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছি এবং জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করেছি। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে যাতে কোনো জেলে মাছ শিকার করতে না পারেন, সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। নদী ও সাগরে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।”

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের আইন মেনে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সরকারি সহায়তার ব্যবস্থাও রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মা ইলিশ সংরক্ষণে শুধু প্রশাসন বা মৎস্য বিভাগের অভিযান নয়, জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা এবং সহযোগিতাও জরুরি।নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *