কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জসিম পহলান, মোঃ হুমায়ুন, কোহিনুর বেগম, মরিয়ম বেগম, মহিউদ্দিন, জলিল পহলান।
শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার চরবালিয়াতলী গ্রামে চাঁদার দাবিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী ও তার স্বজনরা জানান।
আহতদের স্বজন মো. হেমাদুল জানান, শুক্রবার সকাল সকাল ১১ টার দিকে চরবালিয়াতলী গ্রামের কৃষক জসিম পহলান তার জমিতে ডাল চাষ করতে গেলে, স্থানীয় প্রভাবশালী মামুন, আলামিন, জহিরুল মোল্লা , বশির সরদার,বারেক মোল্লা, নজরুল মোল্লা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে চাষাবাদে বাধা দেয়। দরিদ্র কৃষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ১০-১২ জনের একটি দল লাঠি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। হামলা ও মারধরের ঘটনায় জসিম পহলানের চিৎকারে হুমায়ুন, কোহিনুর বেগম, মরিয়ম বেগম, মহিউদ্দিন, জলিল পহলান উদ্ধার করার জন্য ছুটে এলে তাদেরকেও লোহার রড ও লাঠি সোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে
ভুক্তভোগীরা জানান।
অভিযুক্ত মামুন , বশির সরদার, নজরুল মোল্লা কে একাধিকবার ফোন করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।




