রাসেল মোল্লা , কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া এলাকায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর ছালাম সিকদার, সহ-সভাপতি মোঃ মিজানুর জোমাদ্দার, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর জলিল সিকদার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক শরীফ, স্থানীয় রুহুল আমিন, মোঃ নজির গাজী, সাহিদা বেগম ও লাইজু বেগমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মোল্লাকে ভিকটিম সাজিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের একটি কাল্পনিক ঘটনা উল্লেখ করে একই এলাকার মোঃ দ্বীন ইসলাম শরীফসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, কাংকুনিপাড়া গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ শাহ আলম মোল্লা গত ২৯ আগস্ট গরু কেনার উদ্দেশ্যে পাঁচ লাখ টাকা নিয়ে লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যান। গরু কিনতে না পেরে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তার বাজার থেকে প্রায় ২৫০ ফুট উত্তরে রাস্তার ওপর পৌঁছালে ওৎপেতে থাকা কয়েকজন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় আর ভাগিনা মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস বাদী হয়ে মোঃ দ্বীন ইসলাম (২৭), মোঃ রুমান (২৫), মোঃ নাঈম (২০), মোঃ ইদ্রিস আকন (৩৩) ও মোঃ তৌহিদ (২৪)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তবে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, ছিনতাইয়ের ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক এবং হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা মামলাটি সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।




