নারী-শিশু নির্যাতনের অভিযোগে কলাপাড়ার বিএনপি সম্পাদককে শোকজ, ২৪ ঘণ্টায় জবাবের নির্দেশ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় ওঠা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগটি নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে গুরুতর ও অনভিপ্রেত। এ ঘটনায় অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

জেলা বিএনপির এ নির্দেশের পর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার বক্তব্য, উপজেলা বিএনপি’র সম্পাদক পদে থাকার যোগ্যতা তিঁনি হারিয়েছেন। দলের ইমেজ রক্ষায় সম্পাদক পদে তাঁর থাকার আর কোনো সুযোগ নেই।

এর আগে প্রকাশ্য আদালতে মামলার শুনানি চলাকালে বিচারকের সামনেই প্রতিপক্ষের নিযুক্তীয় কৌশুলী আ’লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ এবং বিএনপি সভাপতির ব্যক্তিগত চেম্বারে বিবাদমান দুই পক্ষের সালিশ চলাকালে বিএনপি সভাপতির সামনেই অ্যাডভোকেট আবুল বাশার কে থাপ্পর মেরে আলোচনায় আসেন বিএনপি সম্পাদক চুন্নু। তাঁর এসব ঘটনায় শহর জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *