মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার  মামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বুধবার  দুপুর ১২ টার দিকে উপজেলার  মজিদবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার  নাম মো. রুমান মৃধা (৪৫)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ নিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতাকর্মীরা উপজেলা শহর সুবিদখালি আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালি বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে আসে। এ সময় তারা লোহার রড,হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা এবং বহরের গাড়িগুলো ভাঙচুর করে ।

সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন।

মামলায় অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। এ মামলায় রুমান মৃধাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের একটি মামলায় রুমান মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। রুমান মৃধার নামে বরগুনা সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *