কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘কে কোন দল করেন সেটি দেখার বিষয় নয়, এই জনপদের উন্নয়নের স্বার্থে ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ আগমি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে। তাই আপনার ভাগ্যের ও জনপদেও উন্নয়নের জন্য বিএনপিকে সহায়তা ও সহযোগিতাসহ পূর্ণ সমর্থন করতে হবে।’
সোমবার বিকালে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আয়োজিত নির্বাচনী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এসব বলেন। তিনি ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীকে উদ্দেশ করে বলেন, ‘হাত পাখায় ভোট দেলে বেহেশতে যাওয়া যাবে। বেহেশতের টিকিট পাওয়া যাবে, তবে আপনার টিকিট কে দেবে ?’ ধর্ম নিয়ে এইসব ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সমাবেশে অংশ নেওয়া জনগণকে তিনি আহ্বান জানান। তিনি এসময় সকল নেতাকর্মীকে ১২ তারিখের পরে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। সমাবেশ শেষে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল শহর প্রদক্ষিণ করে। সমাবেশ ও গণমিছিলকে ঘিওে শহরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।




