উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্যকর কৃষক দুলাল মল্লিক হত্যা মামলার প্রধান আসামি মো.মহারাজ খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী মহারাজ খান কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত মোতাহার খানের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুস সালাম জানান, চঞ্চল্যকর কৃষক দুলাল মল্লিক হত্যা মামলার প্রধান আসামি মহারাজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৩ জানুয়ারি হাঁস মুরগিতে কৃষি জমির ধান খাওয়া নিয়ে দুলাল মল্লিক ও প্রতিবেশী মহারাজ খানের সাথে কথার কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দুলাল মল্লিককে কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা উদ্ধার করে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরের দিন (১৫ ই জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১৬ই জানুয়ারি নিহতের ছেলে মো.শাওন মল্লিক বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মহারাজ খানকে প্রধান আসামি করা হয়।তিনি এতদিন পলাতক ছিলেন।
নিহত দুলাল মল্লিক (৫৮) উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মুকুমা গ্রামের মৃত্যু আরশেদ মল্লিকের ছেলে।




