বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা পার্কে দলটির প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতির স্লোগান নিয়ে পথচলা শুরু করে দলটি।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এরপর দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি দলের নেতৃত্বে আসেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

তবে রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। পরবর্তীতে অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

এদিকে, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে লন্ডনে অবস্থানরত অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর পুত্র তারেক রহমান। প্রায় ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাস্তবতায় ফিরে আসে বিএনপি। জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

একই বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বানী দিয়েছেন। দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এর অংশ হিসেবে সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচিও পালন করবে দলটি।

দলের নেতারা বলছেন, প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে বিএনপি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনীতির ধারাকে আরও শক্তিশালী করতে চায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *