রাসেল মোল্লা, কলাপাড়াঃ ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ গড়ার প্রত্যয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস। শহরের বিভিন্ন সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কন ও আলপনার মাধ্যমে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের দুই পাশে ফুলের গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন তিনি।
উদ্যোগের অংশ হিসেবে ভূমি অফিস সড়ক থেকে কলাপাড়া থানা পর্যন্ত দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন ও আলপনা আঁকার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে সড়কটির সৌন্দর্য বৃদ্ধি এবং শহরের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি কাজী নজরুল ইসলাম সড়ককেও একইভাবে সৌন্দর্যমণ্ডিত করার পরিকল্পনা রয়েছে।

উদ্যোক্তা মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস বলেন, কলাপাড়াকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমে শহরের পরিবেশের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তবে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে যত্রতত্র গবাদিপশু ছেড়ে দেওয়ায় রোপণ করা গাছ এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে গবাদিপশু নিয়ন্ত্রণে রাখা এবং এসব উদ্যোগের সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান লিটু বিশ্বাস।

তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা। তাঁরা বলেন, কলাপাড়ার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ প্রশংসনীয়। লিটু বিশ্বাসের মতো আরও কয়েকজন উদ্যোগী মানুষ এগিয়ে এলে কলাপাড়া শহর আরও আগেই পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেত। শহরকে বাসযোগ্য, সবুজ ও নান্দনিক করে তুলতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও প্রয়োজন।
সচেতন মহলের প্রত্যাশা, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পরিচর্যা ও নাগরিক সচেতনতা অব্যাহত থাকলে ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ প্রত্যয় বাস্তবে রূপ নেবে। পরিচ্ছন্ন সড়ক, সবুজ গাছপালা ও দৃষ্টিনন্দন দেয়াল নিয়ে কলাপাড়া হয়ে উঠবে আরও সুন্দর ও পরিবেশবান্ধব একটি শহর।




